জাতীয় নির্বাচনে ১৭ হাজার ৯০০ প্রবাসী ভোটারের নিবন্ধন

জাতীয় নির্বাচনে ১৭ হাজার ৯০০ প্রবাসী ভোটারের নিবন্ধন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯০০ জন বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

ইসি পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন। অ্যাপ চালুর পর রোববার রাত ৮টা পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন দেশের মোট ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ১৬ হাজার ৩৫৫ জন পুরুষ এবং এক হাজার ৫৫২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৭৬৮ জন, জাপানে চার হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় দুই হাজার ৩১১ জন ও চীনে এক হাজার ২৮৯ জন রয়েছেন।

এর আগে, ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। ওইদিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২৩ নভেম্বর- পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা; ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়া; ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইউরোপ; ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব; ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া; ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য ‘গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর’ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে নির্ভুল ঠিকানা দিতে হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad