পাবিপ্রবির ২১ বিভাগের মধ্যে ৯টিতে নেই অধ্যাপক!

পাবিপ্রবির ২১ বিভাগের মধ্যে ৯টিতে নেই অধ্যাপক!
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শিক্ষক সংকটে ভুগছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। প্রতিষ্ঠার ১৮ বছর পরেও শিক্ষক সংকট না কাটায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি বিভাগের মধ্যে নয়টিতে কোনো অধ্যাপক নেই। ফলে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকের পাঠদান ও গবেষণা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পাবিপ্রবিতে মোট শিক্ষক রয়েছেন ১৯৮ জন। তাদের মধ্যে অধ্যাপক ২৫ জন, সহযোগী অধ্যাপক ৩৫ জন, সহকারী অধ্যাপক ৭৮ জন ও প্রভাষক ৬০ জন। তবে, মানবিক অনুষদের লোক প্রশাসন, ইংরেজি ও সমাজকর্ম বিভাগে কোনো অধ্যাপক নেই।

ইতিহাস ও অর্থনীতি বিভাগে অধ্যাপক রয়েছেন মাত্র একজন করে, বাংলা বিভাগে দুইজন, বিজ্ঞান অনুষদের গণিতে তিনজন, পদার্থবিজ্ঞানে দুইজন ও পরিসংখ্যানে একজন। রসায়ন ও ফার্মেসী বিভাগ এখনো অধ্যাপক শূন্য রয়েছে। ব্যবসায় অনুষদে ব্যবসায় প্রশাসনে সাতজন অধ্যাপক থাকলেও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে কেউ নেই। জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং প্রকৌশল অনুষদের স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেও নেই কোনো অধ্যাপক।

ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান বলেন, অধ্যাপক কম থাকায় মানসম্মত শিক্ষা ও গবেষণায় সমস্যা হয়। প্রতি বিভাগে পর্যাপ্ত অধ্যাপক থাকলে গবেষণায় উৎসাহ বাড়ে বলে জানান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী শেখ সিফাত।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘অধ্যাপক পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও আবেদন খুবই কম আসে। যে বিভাগগুলো শূন্য রয়েছে, সেগুলোর শিক্ষকরা যোগ্যতা পূরণ করলে পর্যায়ক্রমে অধ্যাপক হন। ভবিষ্যতে বাকি বিভাগেও অধ্যাপক থাকবে বলে আশা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad