রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

শনিবার নগর ভবনে এই সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি, বিনিয়োগ ও জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রচলিত আইন-কানুন অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে কাজ করতে আগ্রহী সিটি করপোরেশন। তিনি ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনায় জাপানি প্রতিনিধিরা রাজশাহী অঞ্চলের দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

রাসিক প্রশাসক বলেন, ‘রাজশাহীর তরুণরা মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক কর্মবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, রাজশাহী দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী অঞ্চল। এখানে আধুনিক হিমাগার স্থাপন করা গেলে আম দীর্ঘ সময় সংরক্ষণ, রপ্তানি সম্প্রসারণ ও কৃষি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষক, আমচাষি ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, জাপানি প্রতিনিধি দলের আগ্রহ রাজশাহীর জন্য ইতিবাচক বার্তা। এর মাধ্যমে দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সাক্ষাৎ শেষে রাসিক প্রশাসক জাপানি প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করান।

জাপানি প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো। এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad