রামুতে বন বিভাগের অভিযানে ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার

রামুতে বন বিভাগের অভিযানে ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার
রামুতে বন বিভাগের উচ্ছেদ অভিযান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলায় অবৈধ দখলদারদের হাত থেকে প্রায় ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। সরকারি বনভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দিনব্যাপী রামু ধোয়াপালং রেঞ্জের আওতাধীন ধোয়াপালং ঘোনারপাড়া, বসুর ঘোনা, বসুর নালা, সাইরেরকেল্লা মাঠ ও জুমের ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২৫টি পানের বরজ, প্রায় তিন হাজার সুপারির গাছ এবং একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলকৃত প্রায় ৬০ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়।

রামুতে ব বিভাগের উদ্ধার অভিযান। ছবি: টাইমস

বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, দারিয়ারদীঘি বিটের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, রামু থানার সাব-ইন্সপেক্টর শেখ আব্দুস সবুরসহ পুলিশ সদস্যরা।

এছাড়াও অভিযানে অংশ নেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন কর্মী ও সিপিজি সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad