ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছেন ওই দুই আসনের বিএনপির পরাজিত প্রার্থীরা। আবেদনে তারা ভোট পুনর্গণনার নির্দেশনা চেয়েছেন।
রোববার বিচারপতি মো. জাকির হোসেনের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে ওই দুই আসনের নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।
এ ছাড়া সংশ্লিষ্ট আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে। আগামী ১১ মে আবেদনগুলোর শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।
রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।


