রাজশাহী নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে এক দুর্বৃত্ত। আহত শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। সে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নন্দিনী স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি হঠাৎ করে নন্দিনীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত নন্দিনী রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


