চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে বসানো প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানের সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চসিক জানায়, আন্দরকিল্লা মোড় থেকে দেওয়ানবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ভাসমান দোকান বসানো হয়েছিল। এতে পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


