রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে, অলৌকিকভাবে বেঁচে গেছে কোলে থাকা তার সাড়ে তিন বছরের শিশুকন্যা সাফিয়া।
বুধবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কাজ করলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই থাকছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিকভাবে বিকট শব্দে বাজ পড়লে শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং তিনি তৎক্ষনাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, মাটিতে আছড়ে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের শরীর ঝলসে গিয়ে মৃত্যু হলেও তার কোলে থাকা শিশুটি কোল থেকে ছিটকে পড়ে রক্ষা পায়।
মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


