রাজধানীর উত্তরায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮-ডি রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জিহাদুল ইসলাম জানান, হাবিবুর নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে কলাম বাঁধাইয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।
নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘হাবিবুরের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনা নগর গ্রামে। তার বাবার নাম আসিম উদ্দিন। কাজের সুবাদে তিনি উত্তরার ওই ভবনেই থাকতেন।’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


