রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুরের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঢাকা ও এর আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি বা বজ্রঝড়ের সময় এই বাতাস দিক পরিবর্তন করে অস্থায়ীভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
আবহাওয়া তথ্যানুযায়ী, সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
এর আগে, সোমবার এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।


