রাজধানীর কোতয়ালির নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতয়ালি থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।
রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। তারা শ্যামপুরের আরসিং গেট এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। পরে স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যান।


