চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতালে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালটি অনেকদিন ধরেই বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, তারা প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রাত পৌনে ১টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নির্ধারণ করা হবে।
এর আগে, স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে ২৬ জুন হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই নির্দেশ কার্যকর হয়েছিল।


