সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনে ভোট পড়ল ১৭৭১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনে ভোট পড়ল ১৭৭১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ। ছবি: বাসস
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে প্রথম দিনে ১ হাজার ৭৭১টি ভোট পড়েছে।

বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও ভোটগ্রহণ হবে।

নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন। ভোটার ১১ হাজার ৯৭ জন আইনজীবী। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে ভোটের মাঠে রয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল,  জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগ সমর্থকরা মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে সেটি বাতিল হয়।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল তথা নীল প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মাকসুদ উল্ল্যাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে একেএম আমজাদ হোসেন, এইচএম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন

জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল তথা সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহসভাপতি পদে মো. আবদুল হক ও মইন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর আলম, সহসম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফয়জুল্লাহ, মো. জোবায়ের তায়েব ও মোহাম্মদ নাঈম উদ্দিন লিখন প্রার্থী হয়েছেন।

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক প্রার্থী এসএম আজমল হোসেন, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফ, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বন-ই-আমিন ও মোহাম্মদ মাজহারুল ইসলাম। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথম দিনে রেকর্ড সর্বনিম্ন ভোট

এদিকে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ১ হাজার ৭৭১টি ভোট পড়েছে। এটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত পাঁচটি নির্বাচনের ক্ষেত্রে প্রথম দিনে গৃহীত ভোটের মধ্যে সংখ্যার হিসাবে সর্বনিম্ন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ভোটার ছিল সাত হাজার ৮৮৩ জন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ২৬১ জন ভোট দেন। এর আগে ২০২৩ সালে আট হাজার ৬০২ জন ভোটারের মধ্যে প্রথম দিনে ২ হাজার ২১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২২ সালে আট হাজার ৬২৩ জনের মধ্যে প্রথম দিনে ২ হাজার ৮২৩ জন এবং ২০২১ সালে সাত হাজার ৭২১ ভোটারের মধ্যে ২ হাজার ৮২৩ জন ভোটার ভোট দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর