রাজধানীর চানখারপুলে দুই বাসের চাপায় জয়দেব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে পথচারী মো. মুছা গাজী জানান, বিকালে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ওই ব্যক্তিকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা বাস দুটি আটকে রাখে।
নিহত জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, তারা দুজন ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামে একটি ওষুধ কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন। সকাল থেকে তারা শাহবাগ এলাকায় কাজের দায়িত্বে ছিলেন। বরিশাল জেলার বাসিন্দা জয়দেব রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন এবং বিকালে কাজ শেষে তার বাসায় ফেরার কথা ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।


