দেশের বাজারে ফের একবার সোনার দাম কমলো। এবার ভরিতে কমেছে তিন হাজার ২৬৬ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।
একই সঙ্গে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ছয় হাজার ৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট রুপা পাঁচ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি তিন হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।


