গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে আপেল মাহমুদ (৩৫) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামায়াত নেতা পৌরসভার বাড়াইপাড়ার বাসিন্দা। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত হাসান মিয়া একই পৌরসভার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আপেল মাহমুদ শুক্রবার রাতে পলাশবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল দিয়ে তার ওপর হামলা করে। করে। এ সময় ওই জামাত নেতার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হাসান মিয়া পালিয়ে যায়। পরে বাম হাতের গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার জানান, .এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। হামলাকারীর খোঁজ চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।


