জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল এর নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে ওই নির্বাচন অনুষ্ঠত হওয়ার কথা ছিল।
বুধবার সন্ধ্যায় বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক বিবৃতিতে বার কাউন্সিল জানায়, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে সাধারণ আসনের সাতটি এবং আঞ্চলিক আসনের সাতটি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বার সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ যথাযথ বিবেচনায় নিয়ে আগামী ১৯ মে অনুষ্ঠাতব্য এই নির্বাচন স্থগিত করা হলো।
একই বিজ্ঞপ্তিতে আইনজীবী মাসদার হোসেনের আইন পেশার সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বার কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা ও পেশাগত নৈতিকতার বিবেচনায় আইনজীবী মাসদার হোসেনের বার কাউন্সিলের আইন পেশার সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।
এছাড়া তার পেশাগত সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।


