কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
অপহৃতরা হলেন, শফিক আলম, মোহাম্মদ জয়নাল ও শাহ আলম। তারা চাকমারকুল ২১ রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
চাকমারকুল ১৬-এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার হুমায়ূন কবির বুধবার বিকালে অপহরণের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বন্যহাতির আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষার জন্য রাতে পাহারায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাদের তুলে নিয়ে যায়।
ভোররাতে ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন কয়েকজন রোহিঙ্গা যুবক। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সঙ্গে থাকা আরও দুইজন সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি ক্যাম্প কর্তৃপক্ষকে জানান।
চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের হেড মাঝি আহমেদ উল্লাহ বলেন, ‘রাতে ধানক্ষেত পাহারায় থাকা অবস্থায় হঠাৎ করে সশস্ত্র দুর্বৃত্তরা এসে তিনজনকে ধরে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে আমাদের খবর দেয়। পরে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি।’
চাকমারকুল আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬-এপিবিএন পুলিশের ক্যাম্প কমান্ডার হুমায়ূন কবির বলেন, ‘তিন রোহিঙ্গা যুবক অপহরণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাটি জানার পরপরই তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।’


