ইরানে টানা ১১ দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করার কূটনৈতিক উদ্যোগ চললেও নতুন করে কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, সর্বশেষ হামলায় ইরানের বিমানঘাঁটির হ্যাঙ্গার ও ড্রোন সংরক্ষণাগারসহ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা আরও জোরদারের ইঙ্গিত দেওয়ার পরই এ অভিযান চালানো হয় বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তান সফর করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরান অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিল। তবে চলমান সংঘাত বন্ধে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা এখনো স্পষ্ট হয়নি।
মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ‘কোনো আগ্রহ নেই’। তিনি ইঙ্গিত দেন, ইরানের একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকার আশপাশেও হামলা চালানো হতে পারে।
অন্যদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের পারমাণবিক বা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় হামলা হলে তা বড় ধরনের উত্তেজনা হিসেবে বিবেচিত হবে।
বুধবার ভোরে তেহরানের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বুশেহর, পূর্ব আজারবাইজান, হামাদান, হরমোজগান, খুজেস্তান এবং সিস্তান–বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর নাবিকদের জাহাজ ত্যাগ করতে হয়। একই সঙ্গে ইরান বাহরাইন, জর্ডান ও কুয়েতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে লোহিত সাগরে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তাদের সতর্কবার্তার পর অন্তত ছয়টি জাহাজ রুট পরিবর্তন করেছে।
চলমান সংঘাতে জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলারের ওপরে উঠেছে। যুক্তরাষ্ট্রে নিয়মিত ব্যবহৃত পেট্রলের গড় মূল্যও গ্যালনপ্রতি ৪ ডলারে পৌঁছেছে।
এদিকে যুদ্ধ শুরুর পর থেকে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানা গেছে। যদিও পেন্টাগনের সর্বশেষ আনুষ্ঠানিক হিসাবে আহতের সংখ্যা ৪৮২।
সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিত করতে মঙ্গলবার পর্যন্ত আটটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে।
টানা মার্কিন হামলার পরও প্রণালিটির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়নি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এ পথ দিয়ে পরিবাহিত হতো।


