কর রেয়াতযোগ্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক ৫ লাখ টাকার সীমা তুলে দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদে ৬৪টি সংশোধনীসহ অর্থ বিল পাসের মাধ্যমে ২০২৩ সালে আরোপিত এই সীমা বাতিল করা হয়। সম্পদ ব্যবস্থাপনা খাত দীর্ঘদিন ধরে এই সীমা বাতিলের দাবি জানিয়ে আসছিল।
আগের নিয়মে মিউচুয়াল ফান্ড ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের ওপর ৫ লাখ টাকার সীমা থাকায় তা পেশাদার তহবিল ব্যবস্থাপকদের মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করছিল বলে দাবি ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। নতুন অর্থ আইনে এই পণ্যভিত্তিক সীমা তুলে দেওয়ায় এখন যেকোনো অঙ্কের বিনিয়োগই কর রেয়াতের জন্য বিবেচিত হবে।
তবে একই সঙ্গে সামগ্রিক বিনিয়োগে কর রেয়াতের সুবিধা কমানো হয়েছে। অনুমোদিত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ কর রেয়াত ১০ লাখ টাকা থেকে কমিয়ে সাড়ে ৭ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে কর রেয়াতের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন আইনে কর রেয়াতযোগ্য অনুমোদিত বিনিয়োগের সর্বোচ্চ সীমা করযোগ্য বার্ষিক আয়ের ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে কর রেয়াতের জন্য সর্বোচ্চ যোগ্য বিনিয়োগ কার্যত ৭৫ লাখ টাকায় সীমিত থাকবে।
এ ছাড়া, নতুন অর্থ আইনে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। তবে করমুক্ত সীমার পর প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশের করস্তরটি তুলে দেওয়ায় প্রতি করদাতাকে ৫ হাজার টাকা বেশি কর দিতে হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।


