যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেবে ইউজিসি

যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেবে ইউজিসি
ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ।

মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনীয় যোগ্যতা, গবেষণার সক্ষমতা ও অবকাঠামো রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এ সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এড়াতে গবেষণার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মামুন আহমেদ। তিনি বলেন, ‘আমরা চাই মানসম্মত গবেষণা এবং সেই মানসম্মত গবেষণার মাধ্যমে মানসম্মত পিএইচডি।’

দেশে যোগ্য শিক্ষক ও গবেষকের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট কাটাতে পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো নিয়েও কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, ট্রাস্টি বোর্ড ও একাডেমিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্বের সীমারেখা মেনে কাজ করতে হবে। ট্রাস্টি বোর্ড একাডেমিক প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবে না।

বর্তমানে ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি ট্রাস্টি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনের মধ্যকার বিরোধও ইউজিসিকে সামলাতে হচ্ছে বলে জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জানিয়ে মামুন আহমেদ বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ ধরনের বিরোধের কোনো কারণ থাকার কথা নয়।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক তানভীর ফেরদৌস সাঈদ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর