যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে ভিড় জমেছিল। হামলাটি শহরের প্রধান সড়কে ঘটেছে। এতে ১২ জন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
মিসিসিপি রাজ্যের সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে, হামলাকারীর পরিচয় বা তার জীবিত বা মৃত অবস্থার ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে, এবং মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (এমবিআই) এই ঘটনায় তদন্ত চালাচ্ছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি।
শুক্রবার লেল্যান্ড আগের চেয়ে বেশি ব্যস্ত ছিল। কারণ, স্থানীয় হাইস্কুল একটি ফুটবল ম্যাচ খেলতে প্রস্তুত ছিল, যা হোমকামিং হিসেবে পরিচিত, একটি বার্ষিক মার্কিন ঐতিহ্য, যা সাধারণত শরতে হয়, যখন প্রাক্তন শিক্ষার্থীদের স্কুলের মনোবল ও সম্প্রদায় উদযাপন করার জন্য স্বাগতম জানানো হয়।
জন লি আরও বলেন, ‘এই আয়োজন আমরা বছরের পর বছর ধরে করে আসছি এবং কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি।’
‘এটি এমন একটি শহর, যেখানে অপরাধ কম এবং জনসংখ্যা প্রায় ৩ হাজার ৭০০। আমরা সবাই সবাইকে চিনি এবং সবার মধ্যে সম্পর্ক ভালো। সুতরাং, এটি আমাদের জন্য সত্যিই একটি দুঃখের,’ যোগ করেন তিনি।


