প্রবাসীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ ও ঝামেলাহীন করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রবাসী করদাতারা এখন তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের একনলেজমেন্ট স্লিপ (প্রাপ্তিস্বীকার স্লিপ) এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন।
চলতি বছরে জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
তবে ৬৫ বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, বা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য এই আদেশ প্রযোজ্য নয়।
এই বিশেষ আদেশে যে সকল করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা সবাই অনলাইনেও ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
তাই বিদেশে থাকা বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলক না হলেও তাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে আগ্রহী। তবে, ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি পাঠানো হয় বলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের ব্যবস্থা করেছে।
এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিত করার জন্য তার পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার, ভিসা-সিলের কপি, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য এবং ছবি [email protected] ইমেইলে পাঠিয়ে আবেদনকারীর ই-মেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হয়। উক্ত লিংকের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে ওটিপি ব্যবহার করে তারা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো রকম কাগজপত্র বা দলিলাদি জমা দিতে হয় না। তবে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে করদাতা ই-রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য অনলাইনে দিয়েছেন, সেসব কাগজপত্র ও দলিল তিনি নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।


