ঢাকার সাভারে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত বিএনপি নেতা আবু সাঈদ (৫২) বনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-দপ্তর সম্পাদক ছিলেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বনগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের সঙ্গে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক জাকির হোসেনের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি জাকির দলবল নিয়ে বাবুলের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বাবুল।
সেদিনই আবার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া দুইপক্ষের সঙ্গে বলেন। পরবর্তীতে রাত ৯টার দিকে স্থানীয় কোন্ডা বাজার থেকে ফেরার পথে বাবুলসহ ১০-১২ জনের ওপর জাকিরের ক্লাবের সামনে হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আহত বাবুলসহ আরও তিনজন বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জুয়েল মিয়া বলেন, হামলার ঘটনায় সম্পৃক্তদের আটক করার চেষ্টা চলছে।


