রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে রমজান আলী (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী কুমিল্লার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামের জামাত আলীর ছেলে। সে পরিবারের সঙ্গে ধলপুরের ওই বাসার তিন তলায় ভাড়া থাকত এবং স্থানীয় একটি কারখানায় কাজ করত।
নিহতের স্বজনরা জানান, রাতে বাসার ছাদে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় রমজান। এতে একটি লোহার রড তার বাম পায়ের উরুর পেছন দিক দিয়ে ঢুকে যায়। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কিশোরটির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
হাসপাতালে নিহতের বোন খুশি আক্তার জানান, রমজান কাজে শেষে রাতে ছাদে খেলতে গিয়েছিল। এক মুহূর্তের অসতর্কতায় তাদের পরিবারে এমন শোকের ছায়া নেমে আসবে তা তারা কল্পনাও করেননি।


