যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
শনিবার বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এবং দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন।
এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), একই উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), শিশু সৌভিক সাহা (০৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোর আলী আনার (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বর্তমানে আহত সাজ্জাদ হোসেন (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার শাকিরুল ইসলাম।
মৃত আনারের ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে করে তিন যাত্রীর সঙ্গে চারুলিয়া যাচ্ছিলেন। পথে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তার বাবা মারা যান।
দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানে আগুন দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস সদর স্টশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার সোহেল হোসেন জানান, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পুলিশ হেফাজতে রয়েছে।


