রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক, মাদক ও অস্ত্রসহ অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সেনা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত মোহাম্মদপুরের ‘জেনেভা ক্যাম্পের’ কাছে বাবর রোড-গজনবি রোড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
এতে আরো জানানো হয়, অভিযানে শাকিল (২০), শাহিন (৩৫) এবং হুসাইন (১৮) নামক তিন জন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক দ্রব্য। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ১২ হাজার পুড়িয়া হেরোইন, ৮০০ গ্রাম গানপাউডার, ছয়টি ককটেল বোমা এবং ধারালো অস্ত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জাম।
‘রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে,’ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে গত আগস্টে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জেরে শাহ আলম নামে এক ব্যক্তি খুন হন। সে সময় ‘জেনেভা ক্যাম্প’ ও থানা এলাকায় যৌথবাহিনী এবং পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মাদক ও ধারাল অস্ত্র।
২৪ ঘণ্টার ওই অভিযানে শাহ আলম হত্যা মামলার ২৬ জন আসামিকে ধরা হয়। এ ছাড়া বিস্ফোরক আইনে দুইজন, মাদকদ্রব্য আইনে দুইজন ও অন্য মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে।


