রাজধানীর আদাবর থানার নবোদয় বাজার এলাকায় সালিস বৈঠক চলাকালে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
আটকরা হলেন শোয়েব, আরমান ও নয়ন। ওসি জানান, হত্যাকাণ্ডের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিলের খেলা দেখার পর উল্লাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠক আহ্বান করা হলে সেখানে হামলা চালানো হয়।
হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশা গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবুল বাসার বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত আবুল বাসার বাদশার বাবার নাম আব্দুল গফুর। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্ব দলিলাহ গ্রামে। তিনি নবোদয় হাউজিং বি-ব্লক ১ নম্বর রোডের বাসায় থাকতেন।
আহত ইউনিট সভাপতি সাদ্দামের বাবার নাম আব্দুল মালেক। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানায়। বর্তমানে তিনি নবোদয় হাউজিং ২ নম্বর রোডের আনসার গলিতে থাকেন।


