বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন-২০২৫ ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজ করবে।
তদন্ত কমিটিকে তাদের কার্যক্রম সম্পন্ন করে কমিটি গঠনের তারিখ থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিসিবি নির্বাচন ২০২৫ নিয়ে বিভিন্ন মহলে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


