ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল ‘চোর চক্রের’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর আনুমানিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২) রয়েছেন। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।


