গাজীপুরে আট দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার এক ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার সকালে গাজীপুর সদরের সালনা বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন গাজীপুর কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ সময় পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া ও সমাধানের আশ্বাস দেয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।
শিক্ষার্থীরা জানান, কর্মসূচিতে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান; বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেড পে-স্কেল বাস্তবায়ন; কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদানসহ মোট আট দফা দাবি জানানো হয়েছে।


