মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। ১০ একর জমিতে গড়ে ওঠা নতুন কারখানায় প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রোববার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদ।

অনুষ্ঠানে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বক্তব্য দেন।

নতুন কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, বৈদ্যুতিক পাখা, এলইডি বাতি ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। ধাপে ধাপে বিনিয়োগ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়াবে।

অনুষ্ঠানে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, বিশ্বমানের প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র হিসেবে কারখানাটি গড়ে তোলা হবে। এতে দেশের মানসম্মত বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণের পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ বলেন, এ বিনিয়োগ অর্থনৈতিক অঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান, আমদানি বিকল্প উৎপাদন এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেজার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad