জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওই বিক্ষোভ হয়। এ সময় মসজিদের উত্তর গেটে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল চলছিল।
সেখানে কয়েকজনের জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিলে কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। এরপর সেখানে কয়েকজন যুবক বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করেন। যদিও ওই সময় সেখানে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচি ছিল না বলে জানা গেছে।
জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে খতিব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন আলেম-ওলামারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের ষড়যন্ত্র করছে। এ কারণে সাধারণ মুসল্লিরা প্রতিবাদে নেমেছেন।
তাদের অভিযোগ, কিছু ব্যক্তি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সেখানে এসেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম থাকায় একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’


