[live_update time=”রাত ৮.১৯” title=”১৭টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কাতার”]
ইরান থেকে কাতারের দিকে নিক্ষেপ করা ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুপুরে চালানো এই হামলার সময় ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ৬.১৯” title=”কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলা”]
কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে যে, এই হামলায় ওই ঘাঁটির জ্বালানি ও গ্যাস ট্যাংক, মার্কিন হেলিকপ্টার র্যাম্প, লজিস্টিকস এবং সহায়তা অবকাঠামো ধ্বংস হয়েছে।
[/live_update]
[live_update time=”বিকাল ৫.১৬” title=”লেবাননে ৭ দিনে অন্তত ৮৩ শিশু নিহত: ইউনিসেফ”]
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে। গত ২৮ মাসে লেবাননে ৩২৯ জন শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

সংস্থাটি আরও বলেছে, ‘এই পরিসংখ্যানগুলো স্তম্ভিত করার মতো। সংঘাত শিশুদের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলছে, এটি তারই এক নির্মম প্রমাণ। লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ফলে প্রায় সাত লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যার মধ্যে প্রায় দুই লাখই শিশু।’
ইউনিসেফ স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
[/live_update]
[live_update time=”বিকাল ৪.৪৯” title=”মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন”]
ইরানের নতুন নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন আত্মবিশ্বাসী যে মোজতবা তার বাবার কাজ সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।
পুতিন আরও যোগ করেন যে, তিনি তেহরানের প্রতি অবিচল সমর্থন রাখতে চান এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান।
[/live_update]
[live_update time=”বিকাল ০৩.২৪” title=”যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত”]
চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন।
চীনের বিশেষ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

ঝাই জুন তার দেশকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।
ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়–এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।
চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।
সূত্র: বিবিসি
[/live_update]
[live_update time=”বিকাল ০৩.০০” title=”ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩”]
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের তায়ের দেব্বা গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই নিকটবর্তী জয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা
[/live_update]
[live_update time=”সকাল ১০.০৯” title=”প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়াল”]
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে, যা করোনার মহামারির সময় ২০২০ সালের পর এক দিনের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।
গত সপ্তাহে তেলের দাম ইতিমধ্যেই ২৮ শতাংশ বেড়ে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে এই নতুন উচ্চমূল্য মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের হামলা এবং ইরানের প্রতিরোধমূলক জবাবের প্রেক্ষাপটেই দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালে করোনা মহামারির শুরুতে এমন এক দিনের মধ্যে এতো বড় মূল্যস্ফীতি দেখা যায়নি।
সূত্র: আল-জাজিরা
[/live_update]
[live_update time=”সকাল ০৯.৪০” title=”নতুন নেতার অধীনে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের”]
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’
সূত্র: বিবিসি
[/live_update]
[live_update time=”সকাল ০৯.৩১” title=”ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩, আহত ২০০০”]
গত সপ্তাহ থেকে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত ও ১ হাজার ৯২৯ জন আহত হয়েছেন।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছেন। বর্তমানে ১১২ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।
[/live_update]
[live_update time=”সকাল ০৯.২৮” title=”মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য”]
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো সর্বশেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।
এর আগে, ইরানের আইআরজিসি খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তারাও তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।
[/live_update]
[live_update time=”সকাল ০৯.২১” title=”মোজতবা খামেনির প্রতি আইআরজিসির আনুগত্য প্রকাশ”]
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে খামেনির এই নির্বাচন ‘সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।’
[/live_update]


