মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মেছোবাঘ মারা গেছে। শনিবার সকালে গাংনী–মেহেরপুর আঞ্চলিক সড়কের চেংগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মেছোবাঘটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি চলে যায়। পরে স্থানীয় লোকজন মৃত মেছোবাঘটি সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মেছোবাঘের মরদেহ মাটিচাপা দেওয়া হয়।
মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হামিন হোসেন জানান, নিহত মেছোবাঘটি পূর্ণবয়স্ক ছিল। তিনি আরও বলেন, এলাকাটি বন্যপ্রাণী চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজের সাবেক ভুগোল ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক এনামুল আজিম জানান, গতি নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।


