কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা।
মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করার কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কারিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন কায়সার হামিদ। সেখানে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”
তিনি আরও লেখেন, মেয়ের কোনো ভুল-ত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। “আমার মেয়ের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন,”—পোস্টে উল্লেখ করেন তিনি।
এই কঠিন সময়ে পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানান কায়সার হামিদ। তিনি লেখেন, “যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।”
এর আগে গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় তার রক্তচাপ দ্রুত নেমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হেপাটাইটিস এ-তে আক্রান্ত হওয়ার পর কারিনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার সঙ্গে নতুন জটিলতা যুক্ত হয়ে শেষ পর্যন্ত তার লিভার ফেইলিউর হয়।


