নির্বাচনী প্রচারের শুরুর দিনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার টঙ্গীবাড়ির দিঘীরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে জানিয়েছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বেলা পোনে ১২ টার দিকে দিঘীরপাড় বাজার থেকে ধানের শীষের একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে যায়। সেখানে স্থানীয় বিএনপি নেতা অলিউল্লাহ্ খান ও জেলা বিএনপি নেতা শামীম মোল্লা গ্রুপের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফায় সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে ও দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বড় ধরণের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


