‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট খরচের হিসাব জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদের স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে রংপুর আসনের একজন সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে এই খরচের খতিয়ান তুলে ধরা হয়।
সংসদ সদস্য জানতে চান, ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসসমূহে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা খরচ হয়েছে এবং এই বিপুল খরচের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।
জবাবে মন্ত্রী জানান, ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
একই সঙ্গে এ সংক্রান্ত ‘মুজিব বর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংসদে পেশ করা হয়।


