ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আগামী ৩ জুলাই ঢাকা থেকে তার তেহরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের কয়েকজন সদস্যও নিজ উদ্যোগে এই জানাজায় অংশ নিতে ইরানে যাবেন।
গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হন খামেনি। তার জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।


