এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে জুম্মার নামাজের পর তাকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান।
শুক্রবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। তাকে বেলা ৩টা ১০ মিনিটের দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
এর আগে সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিন জুম্মার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী কিছু সময় মির্জা আব্বাসের শয্যার পাশেও অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য দ্রুত মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় মির্জা আব্বাসের স্ত্রী ও বিএনপির নারী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং হাসপাতালের চিকিৎসক দল উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাসের আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিক।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


