এবার ভোট ডাকাতির অভিযোগ এনেছেন ঢাকা-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, খিলগাঁও রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা ভোট ডাকাতি করছেন।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ১১-দলীয় জোটের এই প্রার্থী। তিনি লিখেছেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন।’

এনসিপি নেতাকর্মীরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।


