উন্নত চিকিৎসার জন্য রোববার এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হবে।
শনিবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখার পরে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে রোববার মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সকাল ৯টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। সব কিছু ঠিক থাকলে আশা করা যায় সাড়ে ১১টার মধ্যে ফ্লাই করবেন তিনি।
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিউরো সায়েন্স বিভাগে ভর্তির সব কিছু সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে উনার সঙ্গে আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল যাবেন।
এজেডএম জাহিদ বলেন, ‘আমি দিনাজপুর থেকে ঢাকায় এসেই এভারকেয়ার হাসপাতালে উনাকে দেখতে গিয়েছি। মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। উনার সিটি স্কেন রিপোর্টও ভালো।’
সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং বিদেশে দ্রুত প্রেরণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে।
গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।


