মায়ের খোঁজখবর না নেওয়ার অভিযোগে সম্প্রতি আলোচনায় আসা মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) একেএম আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব (সংযুক্ত) পদে পদায়ন করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) পদে কর্মরত আমিসুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে আগামী ৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই তারিখ অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী গণমাধ্যমকে জানান, রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব একেএম আনিসুর রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হলো। তবে প্রজ্ঞাপনে তার বদলির কারণ উল্লেখ করা হয়নি।
গত রোববার মিরপুরের একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে রোববার একজন নার্সকে ডেকে আনেন তার মেয়ে। পরে ওই কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান নার্স। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
নুরজাহান বেগমের বড় ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য। এক ছেলে আশিকুর রহমান বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। আরেকজন ছেলে কানাডায় বসবাস করছেন। মেয়ে ফাতিমা নাসরীন সুলতানা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক।
উল্লেখ্য, ২০১৩ সালে পিতা-মাতার ভরণপোষণ আইন পাস করে সরকার। আইনে বলা হয়, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। সন্তান পিতা-মাতার নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। এই আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।


