মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ফেল করায় পরিবারের বকাঝকায় অভিমান করে রামিমুদজামান টুটুল (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালইকাটি গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
নিহত শিক্ষার্থী ওই গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষায় দ্বিতীয়বারও ফেল করার পর পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে টুটুল। পরে বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার ভোরের কোনো একসময় তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় টুটুলকে দেখতে পান।
এরপর স্থানীয়রা দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ জানান, একজন শিক্ষার্থী নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।


