বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সম্মানে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এই দুই আসনে দলটির প্রার্থিতা প্রত্যাহার করা হবে এবং মামুনুল হকের পক্ষে দলীয় সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটি।
সোমবার ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ইসলামী রাজনীতিতে ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন নিজ দলের কোনো প্রার্থী দেবে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সমর্থন মামুনুল হকের প্রতি থাকবে।
তবে নির্বাচনি জোট প্রসঙ্গে ইসলামী আন্দোলনের অবস্থান স্পষ্ট করে গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে না।’
এ ছাড়া যেসব আসনে ইসলামী আন্দোলনের নিজস্ব প্রার্থী নেই, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতি সমর্থন জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে, রোববার জামায়াতে ইসলামী বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিপরীতে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয়।
আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্যের জেরে ইসলামী আন্দোলন আগে জামায়াতের নির্বাচনি জোট থেকে সরে যায়। সে সময় দলটির নায়েবে আমির ফয়জুল করীমের আসন ছাড়ার ঘোষণা জামায়াত তাৎক্ষণিকভাবে আমলে না নেওয়ার কথা জানায়। এর পরদিনই মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন।


