মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) ও মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)।
ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র এবং মিরাজ সাভার সি এফ এম কলেজ থেকে মাধ্যমিক দিয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেল করে ১২ থেকে ১৩ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে যান।
সেখান থেকে ফেরার পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।


