মাদারীপুরের কালকিনিতে ব্যাটারিচালিত ভ্যানচাপায় মো. জাকারিয়া সরদার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জাকারিয়া উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নারকেলী কানুরগাও গ্রামের মো. রাজিব সরদারের ছেলে। দুর্ঘটনার পরে ভ্যানচালক আল আমিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভূক্তভোগী পরিবার ও থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনার শিকার হয়। স্থানীয় খাসেরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. মনির শিকদার জানান, তিনি ওই ভ্যানে করে মালামাল নিয়ে নারকেলী কানুরগাও গ্রামের একটি বিয়ে বাড়িতে যান।
চালক আল আমিন সেখান থেকে বেপরোয়া গতিতে খাসেরহাটের উদ্দেশে রওনা দেন। এ সময় ওই শিশু তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যানটি গতি না কমিয়ে তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা শিশু জাকারিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, ভ্যানচাপায় মো. জাকারিয়া সরদার নামে এক শিশু নিহত হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।


