ঢাকার শান্তিবাগে মাদক সেবন নিয়ে বিরোধে সেকেন্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেকেন্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। বাবার নাম আব্দুর রউফ। সেকেন্দার বর্তমানে স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রামপুরা উলন বাজার এলাকায় থাকেন। পেশায় অটোরিকশা চালক। শাহজাহানপুর ভাঙারী গলিতে তার দুটি আটোরিকশা আছে।
আমির আলী আরও জানান, রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারী গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শ্যালক হান্নানসহ কয়েকজন সেকেন্দারকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা অভিযোগ করেন, ঘাতকরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার সেকেন্দার তাদেরকে মাদক সেবনে বাধা দিয়েছিল। গতকাল সোমবার মামুনসহ কয়েকজন সেকেন্দারকে মারার জন্য খুুঁজছিল। রাতে একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।


