ঢাকায় ট্রাকের ধাক্কায় মুরগি বহনকারী গাড়ি উল্টে ২ মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, রিপন (৫০) ও সুলতান (৪০)।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা গুলিস্তান কাপ্তানবাজার মুরগি বাজারের ভ্যান চালক মো. শাহীন আলম জানান, কাপ্তানবাজার থেকে প্রতি রাতে মুরগি কিনে নিয়ে যান রিপন ও সুলতান। সেখান থেকেই তাদের সঙ্গে পরিচয়। শান্তিনগরে তাদের মুরগির দোকান রয়েছে। বাসাও সেখানে।
তিনি জানান, রাতে রিপন ও সুলতান কাপ্তানবাজার থেকে মুরগি কিনে গাড়িতে করে শান্তিনগরের উদ্দেশে রওনা হন। বঙ্গভবনের সামনে পৌঁছালে তাদের গাড়িটি ইউটার্ন করার সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি রাস্তায় উল্টে গেলে গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়েন দুজন। তখন ওই ট্রাকের চাকায় পৃষ্ট হন।
খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।


