গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে পৌঁছায়। প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কক্সবাজার সফরে উপস্থিত আছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, মহেশখালীর কর্মসূচি শেষে হেলিকপ্টারে করে বাঁশখালী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে ফটিকছড়ি উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে তার।
ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
পরে সড়কপথে হাটহাজারীর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির পর বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
হাটহাজারীর কর্মসূচি শেষে সড়কপথে চট্টগ্রাম নগরে এসে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে ।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


